*'বসন্ত সমাগমে' দোল উৎসবের আয়োজনে বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুর
সুদীপ কুমার দাস*
দেশ জুড়ে দোল উৎসবের প্রস্তুতি তুঙ্গে।রঙের প্যাকেট, আবির, কেনাকাটা শুরু হয়েছে ইতিমধ্যেই।
ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ ও সেজে উঠেছে নানা রঙে। কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসব। ছাত্র-ছাত্রী দ্বারা আয়োজিত 'বসন্ত সমাগমে' বিষয় ভাবনায় অনুষ্ঠিত এই উৎসবে আহ্বান জানানো হয়েছে প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও পার্শ্ববর্তী এলাকাবাসীদের। প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রাসায়নিক রঙের পরিবর্তে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বানানো আবির ব্যবহার করে খেলা হয় দোল। ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক-শিক্ষিকা এবং কলেজের শিক্ষা কর্মীরা এই উৎসবে রঙ খেলার আনন্দ নেন। কলেজের বলাকা মুক্ত মঞ্চে ছাত্র-ছাত্রীরা আয়োজন করে নৃত্য এবং সঙ্গীতানুষ্ঠান। সংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধন করতে উপস্থিত থাকেন বেহালা পূর্ব বিধানসভার বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়।
ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের টিচার ইনচার্জ নবকিশোর চন্দ বলেন, ' বসন্ত উৎসবের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী সহ আরো অনেকেই রঙের খেলায় মেতে উঠেছেন।এই উৎসব শুধুমাত্র হোলি উৎসব উদযাপন নয়, এই উৎসব পুনর্মিলন ঘটালো প্রাক্তনী এবং নতুনদের মাঝে।'